আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে শিলমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী মো. সারোয়ার হোসেন মৃধার সমর্থনে আয়োজিত এ আলোচনা সভা জনসমাগম ঘটলে বিশাল জনসভায় রূপ নেয়। তাঁর পক্ষে এ নির্বাচনে প্রতিটি এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা জোরদার করার জন্য দলীয় নেতাকর্মী সহ সমর্থক ও এলাকাবাসী দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী সৎ সাহসী দক্ষ সংগঠক দলের পরিক্ষিত ত্যাগী যোগ্য নেতা মো. সারোয়ার হোসেন মৃধা জনমত জরিপে এগিয়ে রয়েছেন বিভিন্ন মহল ধারনা করছেন। বুধবার (২৫নভেম্বর) সকালে নরসিংদী সদর উপজেলার শিলমান্দীর উত্তর বাগহাটা, মাছিমপুর ও আংশিক শিলমান্দী এলাকার যৌথভাবে ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মো. সারোয়ার হোসেন মৃধা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং সড়ক পরিবহন আন্তঃজেলা মালিক সমিতির সভাপতি। শিলমান্দী ইউনিয়নের কৃতী সন্তান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আস্থাভাজন জনপ্রিয় বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধার প্রতি সমর্থন জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
জেলার প্রথম শ্রেণির ঠিকাদার ও সমাজসেবক ফারুক সরকার এবং নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ, নকশিস সভাপতি ও শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধার নেতৃত্বে আয়োজিত এ সভায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা সারোয়ার হোসেন মৃধার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক অবদান ও মানবিক গুণাবলি তুলে ধরে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন। পাশাপাশি আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক সোহেল আজিজ। উপস্থিত ছিলেন পরিবহন নেতা সেলিম মিয়া, প্রদীপ কর্মকার, আবেদ আলী, সমাজসেবক আশরাফ আলী, মাওলানা নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবহন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ৫ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। নরসিংদী পরিবহন মালিক সমিতির নেতা জাকির হোসেন মৃধা অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন জেলার প্রথম শ্রেণির ঠিকাদার ও সমাজসেবক ফারুক সরকার, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিস সভাপতি ড. মশিউর রহমান মৃধা, সভাপতি সোহেল আজিজ এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো: সারোয়ার হোসেন মৃধা।
ফারুক সরকার তাঁর বক্তব্যে বলেন, একটি এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। শিলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সারোয়ার হোসেন মৃধার প্রতি সমর্থন জানিয়ে তাঁর পাশে থাকার এবং এলাকাবাসী এ সুযোগ হাত ছাড়া না করার আহ্বান জানান।
ড. মশিউর রহমান মৃধা বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানুষের মৌলিক চাহিদা পূরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেতৃত্বের ক্ষেত্রে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা থাকতে হবে। বিভিন্ন গুনাবলির অধিকারী একজন সমাজ কর্মী সারোয়ার হোসেন মৃধার প্রতি সমর্থন ব্যক্ত করে তাঁর জন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। সভাপতির বক্তব্যে সোহেল আজিজ বলেন, শিলমান্দী ইউনিয়নের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং সামাজিক উন্নয়নে সারোয়ার হোসেন মৃধা ভূমিকা রাখতে পারবে বলে শতভাগ আশাবাদী তিনি ব্যক্ত করেন । তার যোগ্যতাকে কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন মৃধা তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিলমান্দী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। সারোয়ার হোসেন মৃধার সার্বিক সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ভালোবাসা, সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
সাননিউজ/বান্না