‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—এমন মন্তব্য করে ফেসবুকে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ।
সম্প্রতি তার একাধিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বিএনপিতে সমালোচনা চলছিল। এর মধ্যে পদত্যাগের ঘোষণা ও ‘বড় লেভেলে’ খেলার ইচ্ছা প্রকাশ নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, দলের নেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই বোরহান বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। এর মধ্যে দাদপুরে বিএনপির অপর অংশের কার্যালয় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি সরিয়ে ফেলা এবং কার্যালয় বন্ধের হুমকি, সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের ইটভাটা দখলের হুমকি ও সম্প্রতি দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এসব ঘটনার ভিডিও বোরহান নিজেই তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন বলে জানা গেছে।
নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন বোরহান। এতে ক্যাপশনে লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’
পদত্যাগের কারণ জানতে চাইলে বোরহান মাহমুদ বলেন, ‘আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে 'মবকারী' আখ্যা দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। দলে না থেকেও বিএনপির জন্য আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে যাব।’
এদিকে দাদপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বোরহানের বিরুদ্ধে হুমকি ও চাঁদা দাবির অভিযোগ করেছেন। তার দাবি, গত রবিবার (২২ নভেম্বর) দুপুরে পরিষদে দায়িত্ব পালনকালে বোরহান তাকে হুমকি দেন। এর আগে মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় লোকজন নিয়ে পরিষদে এসে মব সৃষ্টি করা হয়। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বোরহান।
এ বিষয়ে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘বোরহান কিছুদিন আমার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাকে মৌখিকভাবে আমার সঙ্গে থাকতে নিষেধ করেছি। গত দুই-তিন দিন ধরে সে দলের সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে, যা অত্যন্ত দুঃখজনক। সে ইতোমধ্যে পদত্যাগ করেছে। তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।’
বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, বোরহানের পদত্যাগের ফেসবুক পোস্ট দেখেছেন, তবে সাংগঠনিকভাবে কোনো পদত্যাগপত্র পাননি। তার পদত্যাগের কারণও জানা নেই। তিনি আরও বলেন, দলীয় নীতিনির্ধারকদের না জানিয়ে বোরহান বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। দাদপুরের চেয়ারম্যানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা বসে সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।
সঞ্জয় সাহা বলেন, বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
সাননিউজ/বান্না