সারাদেশ

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক পরিচয়ে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া এবং পরে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম সিদ্দিক নামে এক কথিত মানবাধিকার কর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় মোছা. খাদিজা আক্তার শান্তা (২৫) মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত মফেল উদ্দিনের মেয়ে। অভিযুক্ত নুর আলম সিদ্দিক সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি নিজেকে কথিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।

অভিযোগসূত্রে জানা যায়, খাদিজা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলার সূত্রে থানায় যাতায়াতের সময় নুর আলমের সঙ্গে তার পরিচয় হয়। নুর আলম নিজেকে সংস্থাটির উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং পত্রিকায় বিষয়টি প্রচারের আশ্বাস দেন। এ জন্য তিনি ওই নারীর কাছে টাকা দাবি করেন।

অভিযোগে বলা হয়, সরল বিশ্বাসে টাকা দিতে রাজি হলে গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে তাকে নিজের বাসায় নিয়ে প্রথমে ১০ হাজার টাকা নেন নুর আলম। পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা নেন। সব মিলিয়ে ৪২ হাজার টাকা নেওয়া হয়েছে।

খাদিজা আক্তারের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না হওয়ায় তিনি টাকা ফেরত চান। এ সময় নুর আলম তাকে নিজের বাসায় ডেকে নিয়ে অনৈতিক কাজে সম্মত হতে বলেন। রাজি না হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে কথা না শুনলে বড় ধরনের ক্ষতি করা এবং ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হাজতে পাঠানোর হুমকি দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসায়ী, দাদন ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়ে কথিত মানবাধিকার কমিশনের উপজেলা কমিটি গঠন করেছেন নুর আলম। ওই পরিচয় ব্যবহার করে তিনি ও তার দল বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা ও হয়রানি করেন। যত্রতত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগও রয়েছে। ন্যায়বিচারের আশ্বাস দিয়ে সহজ-সরল মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টার কথাও বলছেন স্থানীয়রা। তাদের দাবি, এসব কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটির নিবন্ধন ২০২০ সালেই বাতিল করে এনজিও বিষয়ক ব্যুরো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ব্যুরোর ওই বছরের ২ জুলাই জারি করা আদেশে সংস্থাটির নিবন্ধন নম্বর ১৬০৫ বাতিলের কথা উল্লেখ রয়েছে। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬-এর ১৫ ধারার (খ) উপধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে বিদেশি অনুদানের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা, নিবন্ধন নবায়নে বিলম্ব এবং সংস্থার নাম থেকে 'কমিশন' শব্দ বাদ দেওয়ার নির্দেশনা অমান্য করার বিষয় কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়, নিবন্ধন বাতিলের পর ওই সংস্থা কোনো কার্যক্রম চালালে তা অবৈধ গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার বা আদালতের বিশেষ আদেশে গঠিত কমিশন ছাড়া অন্য কোনো বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার নামে 'কমিশন' শব্দ ব্যবহার আইনানুগ নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুর আলম সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, 'এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তিনি আরও বলেন, 'কথিত মানবাধিকারকর্মী নুর আলমকে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে ইতোপূর্বে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবুও তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হননি।'

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) পরিচ্ছন্নতা ও বর্...

‘আমেরিকার কাছে জবাবদিহি করে না কানাডা’

যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের মধ্যেই নতুন করে উত্...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

শ্রীমঙ্গলে সনাতনী সমাজের মতবিনিময় সভা

মৌলভীবাজারে ‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা