কুড়িগ্রামের উলিপুরে ফ্যামিলি কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৩ প্রতারককে আটক করে থানা পুলিশে দেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামানীরচর এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, উপজেলার সাদুয়া দামারহাট এলাকার আজিজুর রহমানের ছেলে কাজল মিয়া (৪৪), ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে রুহুল আমিন (৪৯) এবং চিলমারী মাচাবান্ধা এলাকার জয়নাল আবেদিনের ছেলে চাঁদ মিয়া (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিম্নবিত্ত ও অসহায় মানুষের নিকট থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করছিলেন তারা। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এসময় থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছে থাকা ট্যাবসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন জনের বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সাননিউজ/বান্না