পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অফিস চত্বরে থাকা দুটি যানবাহন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, গভীর রাতে বিআরডিবি অফিস চত্বরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা এবং অফিসের কর্মচারীরা। পরে তারা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে এর আগেই অফিস চত্বরে থাকা দুটি যানবাহন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এদিকে, গভীর রাতে পুলিশ সদস্য ও অফিসের কর্মচারীদের তাৎক্ষণিক উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।