পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানের পরদিনই ফুটপাত দখল করে মাছ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে মাছ বিক্রির অভিযোগে মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বির নেতৃত্বে পৌর শহরের সদর রোডের দুই পাশের ফুটপাত এবং পৌর ফিস মার্কেটের সামনের সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল আমীন এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং পৌর শহরের যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।