সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে তালা লাগিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবাত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ের মূল ফটকের সামনে আসে। এ সময় তারা ফটকে তালা লাগিয়ে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি রেখে চলে যায়।
এরপর রোববার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের দারোয়ান এসে ফটকের সামনে বস্তুটি দেখতে পান। পরে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি পাত্রে রাখে। পরে সেটি থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজনীন আরা জানান, এটি কোনো ককটেল নয় বলে তাদের ধারণা। জনমনে ভয় ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মুঠোফোনে বলেন, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট স্কুলের গেট থেকে লাল টেপ জড়ানো কৌটা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি যাচাই করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
সাননিউজ/বান্না