নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাদারীপুরে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (রুটিন দায়িত্ব) নীলিমা বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জয় কুমার পালসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বই তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে সময়মতো বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় পাঠ্যবই হাতে পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সাননিউজ/বান্না