ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে এক সংকটময় মোড় তৈরি হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাতার অগ্রযাত্রার মুখে একের পর এক কৌশলগত এলাকা হারিয়ে চরম চাপে পড়েছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
হুথিদের এই ক্রমবর্ধমান হুমকির মুখে ইয়েমেনের অন্তর্বর্তীকালীন প্রধান ঘাঁটি এডেন শহরকে সুরক্ষা দিতে এবং কৌশলগত ভারসাম্য ফিরিয়ে আনতে জরুরি সামরিক ও নিরাপত্তা রদবদল করেছে সৌদি আরব ও ইয়েমেন সরকার।
যুদ্ধের পটভূমি ও বর্তমান পরিস্থিতি :
চলতি বছরের গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে ইয়েমেনের দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করে। এই অস্থিরতার সুযোগ নিয়ে হুথি বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে জোরালো আক্রমণ শুরু করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
যদিও অক্টোবর মাসে সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে কিছু অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল, তবুও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল বাব আল-মানদাব প্রণালীর আশপাশ থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয় তারা।
বর্তমানে হুথি যোদ্ধারা এডেন থেকে মাত্র ১০০ কিলোমিটার পশ্চিমে 'খোর ওমাইরাহ' পর্যন্ত অগ্রসর হয়েছে। পাশাপাশি, 'কাওয়াহ' এলাকায় সরকারি বাহিনীর প্রধান প্রতিরক্ষা অবস্থান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে তারা।
দীর্ঘমেয়াদে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে লাগাতার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে এই বিদ্রোহীরা।
রিয়াদের সামরিক নেতৃত্বে বড় রদবদল :
যুদ্ধক্ষেত্রের এই প্রতিকূল পরিস্থিতিতে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামরিক জোটের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে অব্যাহতি দিয়ে তাকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে হুথিদের অগ্রগতি যেকোনো মূল্যে থামানোর লক্ষে সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ আল-রুওয়াইলিকে যৌথ বাহিনীর কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।
পশ্চিমা কূটনীতিকদের মতে, মূলত হুথিদের অপ্রত্যাশিত সামরিক সাফল্যে কোণঠাসা হয়েই রিয়াদ এই জরুরি নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
এডেনে কঠোর নিরাপত্তা ও জনমনে আতঙ্ক :
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকেই বন্দরনগরী এডেন ইয়েমেন সরকারের মূল রাজনৈতিক ও প্রশাসনিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে শহরটির ওপর সরাসরি ঝুঁকি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
এডেনজুড়ে নিরাপত্তা জাল কঠোর করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত তল্লাশিচৌকি বসিয়ে সাধারণ মানুষের পরিচয়পত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।
শহরটিতে খাবার ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এখনো স্বাভাবিক থাকলেও, সরকারি বাহিনীর পিছু হটার খবর এবং সংঘাত দোরগোড়ায় চলে আসায় সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছে, এডেন ও সংলগ্ন লাহজ প্রদেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুথিদের দখলে চলে যাওয়া অঞ্চলগুলো পুনর্দখলের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন ও ভবিষ্যৎ শঙ্কা :
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন যে, হুথিরা ক্রমেই এডেনের কাছাকাছি চলে আসায় শহরটি মারাত্মক অস্তিত্বের সংকটে পড়েছে।
একসময়ে ইয়েমেন সরকারের মূল লক্ষ্য ছিল রাজধানী সানা পুনর্দখল করে রাষ্ট্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করা, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির বাস্তবতায় তাদের সেই আক্রমণাত্মক নীতি থেকে সরে এসে নিজেদের শেষ ঘাঁটি এডেন রক্ষায় বাধ্য হয়ে সম্পূর্ণ মনোযোগ করতে হচ্ছে।
তাছাড়া, সরকারি বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল, অনৈক্য এবং পারস্পরিক বিভক্তির সুযোগ নিয়েই হুথিরা এই বড় ধরনের সামরিক সুবিধা আদায় করে নিচ্ছে।
যদিও গত মাসে সৌদি-সমর্থিত বাহিনী বাব আল-মানদাব প্রণালীর নিকটবর্তী কৌশলগত 'ধুবাব' এলাকাটি পুনরুদ্ধার করেছে, তথাপি উপকূলীয় শহর আল-মোখাসহ অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল এখনো হুথিদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
সান নিউজ / রাজীব