বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা আসমা বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। তবে এ ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর ছোট্ট সন্তান।
জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) ডৌয়াতলা হলতা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে ইট-বালুবাহী একটি ডায়া গাড়ির চাপায় প্রাণ হারান ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা আসমা বেগম। দুর্ঘটনার সময় তাঁর কোলে থাকা শিশুটি প্রাণে বেঁচে যায়।
এক মুহূর্তের দুর্ঘটনায় শিশুটি হারিয়েছে তার মাকে। যে বয়সে মায়ের আদর, স্নেহ ও ভালোবাসায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে কাটাতে হবে মাকে ছাড়া।
এদিকে এ মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, সড়কে বেপরোয়া যানবাহন চলাচল ও অসতর্কতার কারণে যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক পরিণতির শিকার হতে না হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কে স্পিডব্রেকার নির্মাণ ও যানবাহন চলাচলে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
একজন মায়ের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, অনিশ্চয়তার মুখে পড়েছে একটি শিশুর ভবিষ্যৎ। এলাকাবাসীর প্রত্যাশা, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সাননিউজ/বান্না