শিল্পাঞ্চলে সাভার-আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় শ্রমিক সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের কাতলাপুর এলাকা থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কার্যালয়ে অভিযান চালিয়ে সংগঠনটির সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ ও সদস্য দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গত ১ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রমিক আন্দোলনের মধ্যে বহিরাগতরা সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করে মামলা করে। মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় শ্রমিক নেতা এমদাদ ও দুলালকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, চলমান শ্রমিক আন্দোলন দমনে পুলিশ শ্রমিক ও শ্রমিক নেতাদের গণগ্রেপ্তার ও হয়রানি করছে। এসব গ্রেপ্তার ও হয়রানির
প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার শ্রমিকনেতা ও শ্রমিকদের মুক্তির দাবি জানান।
তিনি আরও বলেন, শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো সম্ভব নয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়তে পারে। ফলে শ্রমিক অসন্তোষ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মালিক, শ্রমিক ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরানো সম্ভব।
শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সবুজ মিয়া বলেন, মামলায় এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানতে মামলার নথি দেখতে হবে।
সাননিউজ/বান্না