ইরানে কারাজ নদীসংলগ্ন আমির কবির জলাধার।
আন্তর্জাতিক
পানি নাকি প্রতিরক্ষা?

ইরানের শত শত জলাধার ঘিরে রহস্য!

নিউইয়র্ক টাইমস

বছরের পর বছর ধরে ইরানের পানি অবকাঠামো নিয়ে বিস্ময়ে ছিলেন পরিবেশ ও পানিবিষয়ক গবেষকেরা। দেশজুড়ে ছড়িয়ে থাকা শত শত জলাধার, দীর্ঘ পাইপলাইন ও বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কের অনেকগুলোর অবস্থান এমন অঞ্চলে, যেখানে প্রচলিত হিসাব অনুযায়ী এত বড় প্রকল্পের প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। সাম্প্রতিক সামরিক সংঘাতের পর সেই দীর্ঘদিনের রহস্য নতুন করে আলোচনায় এসেছে।

চলতি বছরের সংঘাত চলাকালে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলার দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর স্যাটেলাইট চিত্র, হামলার স্থান এবং পানি অবকাঠামোর অবস্থান বিশ্লেষণ করে কিছু বিশেষজ্ঞের ধারণা, দেশটির কয়েকটি জলাধার ও পানি সরবরাহ প্রকল্পের সঙ্গে কৌশলগত সামরিক স্থাপনার সম্পর্ক থাকতে পারে।

জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানিনিরাপত্তা গবেষক নিমা শোকরি ও তার দল দীর্ঘদিন ধরে ইরানের জলসম্পদ অবকাঠামো নিয়ে কাজ করছেন। তাদের পর্যবেক্ষণে দেখা যায়, ইরানে বিপুলসংখ্যক জলাধার রয়েছে, যা মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় উল্লেখযোগ্য। সাম্প্রতিক হামলার স্থানগুলো বিশ্লেষণ করতে গিয়ে তাঁরা লক্ষ্য করেন, অনেক ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্র স্থাপনার সন্দেহভাজন এলাকা ও জলাধারের অবস্থান কাছাকাছি।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো সচল রাখতে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুতের প্রয়োজন হয়। জলাধার ও জলবিদ্যুৎ প্রকল্পের নিকটবর্তী স্থানে এ ধরনের অবকাঠামো গড়ে তোলা হলে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহজ হয়। এই কারণেই কিছু সামরিক বিশ্লেষক মনে করছেন, ইরানের কিছু পানি প্রকল্প হয়তো কেবল বেসামরিক প্রয়োজনেই নয়, কৌশলগত নিরাপত্তা বিবেচনাতেও গুরুত্বপূর্ণ।

ইরানের বহু সামরিক স্থাপনা মাটির গভীরে নির্মিত। এসব গোপন স্থাপনাকে প্রায়ই ‘মিসাইল সিটি’ নামে বর্ণনা করা হয়। পাহাড় কেটে তৈরি করা এই সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম সংরক্ষণ এবং প্রস্তুত রাখার ব্যবস্থা রয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা। তাদের মতে, বিশ্বের খুব কম দেশই এত বিস্তৃত ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্ক তৈরি করেছে।

তবে বিষয়টির আরেকটি দিকও রয়েছে। গবেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, ইরান দীর্ঘদিন ধরেই তীব্র পানিসংকটের মুখোমুখি। কৃষি, পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য জলাধারগুলো দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সব পানি অবকাঠামোকে সামরিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। অনেক জলাধার ও সেচ প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

সাম্প্রতিক এই আলোচনা আবারও সামনে এনেছে ২০১৮ সালে ইরানের বন্য প্রাণী সংরক্ষণকর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে। সে সময় বেশ কয়েকজন পরিবেশবিদ ও গবেষককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়। তাদরে বিরুদ্ধে অভিযোগ ছিল, গবেষণার আড়ালে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছিল। তবে বহু বছর পর কিছু বিশ্লেষক মনে করছেন, সংরক্ষিত এলাকাগুলোর আশপাশে গোপন সামরিক স্থাপনা থাকায় পরিবেশকর্মীরা অজান্তেই নিরাপত্তা সংস্থার নজরে চলে এসেছিলেন।

বিশেষ করে বিরল প্রাণী সংরক্ষণ প্রকল্প পরিচালনাকারী কয়েকটি সংগঠনের সদস্যদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও কারাবরণের ঘটনার সঙ্গে সম্ভাব্য সামরিক স্থাপনার অবস্থানের মিল খুঁজে পাচ্ছেন কেউ কেউ। যদিও এ বিষয়ে কোনো চূড়ান্ত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে পানি স্থানান্তর প্রকল্প নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। ইরানের বিভিন্ন প্রদেশে দীর্ঘ দূরত্বে পানি সরবরাহের জন্য নির্মিত কিছু প্রকল্পের অবস্থানও সামরিকভাবে গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে মিলে যায় বলে দাবি করছেন কয়েকজন গবেষক। তাদের মতে, অন্তত কিছু ক্ষেত্রে নিরাপত্তা ও সামরিক বিবেচনা প্রকল্প পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে তেহরান এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের কর্মকর্তারা বলছেন, জলাধার ও পানি অবকাঠামোকে সামরিক স্থাপনার সঙ্গে যুক্ত করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, দেশের পানি প্রকল্পগুলো মূলত পানিসংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনসাধারণের প্রয়োজন মেটানোর জন্য নির্মিত।

ইরানের বক্তব্য অনুযায়ী, বেসামরিক পানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী। তাই এসব স্থাপনাকে সামরিক স্থাপনা হিসেবে উপস্থাপনের যেকোনো প্রচেষ্টা ভবিষ্যৎ হামলার যৌক্তিকতা তৈরির অংশ হতে পারে বলেও অভিযোগ করেছে তেহরান।

ইরানের জলাধার ও পানি প্রকল্প ঘিরে যে প্রশ্ন বহু বছর ধরে গবেষকদের ভাবিয়েছে, সাম্প্রতিক সংঘাত সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। তবে এসব অবকাঠামো সত্যিই কতটা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, আর কতটা বেসামরিক চাহিদা পূরণের জন্য নির্মিত, তার স্পষ্ট উত্তর এখনো অধরাই রয়ে গেছে।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্...

ইরানের শত শত জলাধার ঘিরে রহস্য!

বছরের পর বছর ধরে ইরানের পানি অবকাঠামো নিয়ে বিস্ময়ে ছিলেন পরিবেশ ও পানিবিষয়ক গ...

নারায়ণগঞ্জে জুতার কারখানা ও কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা