রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
পুলিশ জানায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ওই সংস্থায় তাঁর সঙ্গে কাজ করেন ২৭ বছর বয়সী এক তরুণী। তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। সেই মামলাতেই পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে। তাঁরা সঠিক বিষয়টি আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাননিউজ/বান্না