বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঝালকাঠিতে সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে ডায়াবেটিস সমিতিতে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ডায়াবেটিস সমিতিতে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, শিশু চিকিৎসক অধ্যাপক অসীম কুমার সাহা, ডায়াবেটিস সমিতির সভাপতি হেমায়েত হোসেন হিমু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু এবং ডায়াবেটিস হাসপাতালের কনসালটেন্ট চিকিৎসক রুহুল আমিনসহ অনেকে।
পরে ডায়াবেটিস সমিতির হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
সাননিউজ/বান্না