লক্ষ্মীপুরে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।
বুধবার (১১নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। স্বেচ্ছাসেবী সংগঠন সিসিএস ও নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ এর ব্যানারে এ কর্মসূচি হয়।
মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান ও দাবি উত্থাপন করে তারা। পরে প্রশাসনের আশ্বস্তে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ লক্ষ্মীপুর জেলার আহবায়ক আবদুল কাদের তুষার, সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, সিসিএস সভাপতি আবুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, প্রভাষক মোঃ শরীফুল ইসলাম, বায়েজিদ ভূঁইয়া, মাহবুব আলম নোমান, বেলায়েত পাটওয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিদিনই সড়কে দূর্ঘটনা ঘটেছে। অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও নানান অব্যবস্থাপনা কারণে এসব দূর্ঘটনা ঘটছে। সম্প্রতি একই দিনে লক্ষ্মীপুরের বটতলী ও চর চামিতায় সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। সে বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় নি। আমরা নিরাপদ সড়ক দাবি করছি এবং সড়কে যথাযথ তদারকি কামনা করছি।
সাননিউজ/বান্না