খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রথম জয়ে তলানি থেকে ষোল নম্বরে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে কোভেন্ট্রি সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে এসেছে দলটি। সোমবার (১৯ অক্টোবর) রোমাঞ্চকর ম্যাচে ৩-১ গোলের জয়ে ২০ নম্বর থেকে ১৬ নম্বরে উঠে এসেছে স্পার্সরা।

গত সপ্তাহে স্পেনের মারবেলায় চার দিনের উষ্ণ আবহাওয়ায় অনুশীলন ক্যাম্প করে টটেনহ্যাম। সেই প্রস্তুতির পর মাঠে নেমে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকেরা।

ম্যাচের মাত্র ১৪ মিনিটেই দুর্দান্ত এক গোলে টটেনহ্যামকে এগিয়ে দেন মিডফিল্ডার জেমস ম্যাডিসন। মোহাম্মদ কুদুসের দারুণ প্রচেষ্টার পর প্রথম ছোঁয়াতেই নেয়া শটে বল জালে পাঠান তিনি। তার শটটি গিয়ে জড়ায় গোলের ওপরের কোণে।

২০২৫ সালের ২৭ এপ্রিলের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ম্যাডিসন। এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) চোট কাটিয়ে ফিরে গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন এই মিডফিল্ডার। এরপর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ডমিনিক সোলাঙ্কে। অ্যান্ডি রবার্টসনের পাস থেকে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় সমতায় ফেরে কোভেন্ট্রি সিটি। টটেনহ্যাম ডিফেন্ডার জ্যান পল ফন হেকে বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগ তৈরি হয়। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান জ্যাক রুডোনি। তার নেয়া শট বাধা পেয়ে আবার তার কাছেই ফিরে এলে দারুণভাবে বল জালে পাঠান তিনি। স্কোরলাইন হয় ১-১।

তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি কোভেন্ট্রি। ম্যাচের ৫৮তম মিনিটে গোল করে টটেনহ্যামকে আবারও এগিয়ে দেন ওমর মারমুশ। আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে যোগ দেয়ার পর এটিই ছিল মারমুশের প্রথম গোল। মৌসুম শেষে ৬ কোটি পাউন্ডে তাকে স্থায়ীভাবে দলে নেয়ার বাধ্যবাধকতাও রয়েছে ক্লাবটির। তবে গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়। শট নেয়ার আগে মিশরীয় ফরোয়ার্ডের কনুই কোভেন্ট্রি ডিফেন্ডার মিলান ফন আইকের মুখে লাগে বলে অভিযোগ ওঠে। এরপরও রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।

ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান ৩-১ করেন বেন ডেভিস। বক্সের ঠিক বাইরে থেকে তার নিচু শটটি জালে জড়ালে নিশ্চিত হয় টটেনহ্যামের জয়।

এদিন আরও একটি সুখবর পেয়েছে স্পার্সরা। বদলি হিসেবে মাঠে নেমেছেন সুইডিশ ফরোয়ার্ড দেজান কুলুসেভস্কি। ২০২৫ সালের ১১ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর এটাই ছিল তার প্রথম মাঠে ফেরা।

৩৭টি ম্যাচের মধ্যে এটি ছিল ঘরের মাঠে টটেনহ্যামের মাত্র ষষ্ঠ প্রিমিয়ার লিগ জয়। তবে গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্টে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে দলটি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা