ছবি: সংগৃহীত
শিক্ষা

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

নিজস্ব প্রতিবেদক

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করতে ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নতুন বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং ব্যবহারিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই বইগুলো তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময়, জীবনঘনিষ্ঠ ও কর্মমুখী করার পরিকল্পনার অংশ হিসেবে নতুন বইগুলো প্রণয়ন করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের নির্বাচনি ইশতেহার এবং শিক্ষা সংস্কারের পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার, পারিবারিক সংস্কৃতি ও সুনাগরিকের গুণাবলি গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার সঙ্গে কর্মসংস্থান ও বাস্তব দক্ষতার সংযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, এ পরিকল্পনা বাস্তবায়নে এনসিটিবির উদ্যোগে একটি দল গঠন করা হয়। এতে নীতিনির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি শিক্ষাবিদ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা অংশ নেন।

এনসিটিবি সূত্র জানায়, নতুন চারটি বইয়ের পাণ্ডুলিপি তৈরি ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে। আগামী ২৫ অক্টোবর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় বইগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে মুদ্রণের কাজ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় দেড় কোটি কপি বই মুদ্রণ করে ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, নতুন চারটি পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি প্রণয়ন ও যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এনসিসির অনুমোদনের পর বইগুলোর বিষয়বস্তু মুদ্রণের জন্য পাঠানো হবে।

চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতির পাঠ

চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইটি ১৪টি অধ্যায়ে সাজানো হয়েছে। শিশুদের ছোটবেলা থেকেই শরীরচর্চা, সুস্থ জীবনযাপন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এর প্রধান উদ্দেশ্য।

বইটিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিকস ও দাবার মতো খেলার নিয়মকানুন সহজভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কারাতে, জুডো ও তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষার কৌশলও অন্তর্ভুক্ত করা হয়েছে।

খেলার মাঠে দুর্ঘটনা বা আঘাতের ক্ষেত্রে কী করতে হবে, তা শেখানোর জন্য কেটে যাওয়া, মচকে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া ও হিট স্ট্রোকের মতো পরিস্থিতির উদাহরণ রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুষ্টি, সামাজিক দক্ষতা ও দেশপ্রেমের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বইটির প্রথম অধ্যায়ে ‘স্বপ্ন যখন আকাশ ছোঁয়া’ শিরোনামে একটি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। এতে প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয়ে মেয়েদের ফুটবল দল গঠন এবং সামাজিক বাধা অতিক্রম করে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের কাহিনি তুলে ধরা হয়েছে। খেলাধুলা যে শারীরিক সুস্থতার পাশাপাশি পেশা ও আর্থসামাজিক উন্নয়নের সুযোগ তৈরি করতে পারে, সেটিও গল্পটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটি ১১টি অধ্যায়ে সাজানো হয়েছে। এতে দেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, পোশাক, শিল্পকলা, খাদ্যসংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরা হয়েছে।

বইটিতে বাংলা বর্ণমালার চর্চা, বিদ্যালয়ের উৎসব, জাতীয় পতাকা উত্তোলন ও পিঠা-পুলির ঐতিহ্যের পাশাপাশি পারিবারিক সহযোগিতা এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ‘নতুন কুঁড়ি’ প্রতিভা অন্বেষণমূলক আয়োজনের ইতিহাস, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং এ আয়োজনের বিজয়ীদের দুর্লভ ছবি সংযুক্ত করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিখন ও কারিগরি শিক্ষা

ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটি ছয়টি অধ্যায়ে তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো পড়াশোনার ভীতি কমিয়ে আনন্দময় অভিজ্ঞতা, পারস্পরিক মিথস্ক্রিয়া ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করা।

বইটিতে শেখার বিষয়টিকে শুধু মুখস্থ করা কিংবা পরীক্ষার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবন, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা, সৃজনশীলতা ও সামাজিক সম্পর্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে পারবে বলে আশা করছে এনসিটিবি।

অন্যদিকে, ‘আমার কারিগরি শিক্ষা’ বইটি আটটি অধ্যায়ে সাজানো হয়েছে। হাতে-কলমে শেখা, সমস্যা সমাধান এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এর উদ্দেশ্য।

বইটিতে কারিগরি শিক্ষার পরিচিতি, দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার, ক্ষুদ্র উদ্যোগের সম্ভাবনা, উদ্ভাবন, সবুজ প্রযুক্তি ও টেকসই জীবনযাপনের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রযুক্তির সহায়তায় সেগুলোর সমাধান খোঁজার প্রাথমিক ধারণাও দেওয়া হবে।

নতুন চারটি বইয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে শব্দকোষের মতো বিশেষ অংশও রাখা হয়েছে।

পরবর্তী সময়ে আরও শ্রেণিতে সম্প্রসারণের পরিকল্পনা

মাহ্দী আমিন জানান, চতুর্থ শ্রেণিতে শুরু হতে যাওয়া খেলাধুলা ও সংস্কৃতিবিষয়ক শিক্ষা পরবর্তী সময়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একইভাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষার বিষয় দুটি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খান বলেন, নতুন পাঠ্যপুস্তকগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে আনন্দময় পরিবেশে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

সংশ্লিষ্টদের আশা, নতুন বইগুলো শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতায় বৈচিত্র্য আনবে এবং খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার বিকাশে ভূমিকা রাখবে। তবে বইগুলোর চূড়ান্ত অন্তর্ভুক্তি ও মুদ্রণের কার্যক্রম নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা